বিশেষ প্রতিনিধি, nipon।।
সরকার একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা হাজার বছর ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করছি। ধর্মবিশ্বাস একান্তই ব্যক্তিগত বিষয়।
তিনি বলেন, এটিকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। দেশের অগ্রযাত্রায় ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টিরও কোনো সুযোগ নেই।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। এমনকি কেউ কেউ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসও অস্বীকার করতে চায়। আমাদের উচিত পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করা।”
মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চাইলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা সফল হবে না।
এ সময় দেশের চলমান জ্বালানি সংকট নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকার জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু মানুষের অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে জটিল করছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জনগণের সহযোগিতায় আমরা সরকার পরিচালনা করছি। সত্য ও বাস্তবতাকে সামনে রেখেই আমরা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।