বিশেষ প্রতিনিধি, nipon।।
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় টিফিনের সময় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ইয়ামিন নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে পুলিশ।
নিহত ইয়ামিন লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা শুকুর আলীর ছেলে। সে স্থানীয় গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুর ১টার দিকে টিফিনের জন্য ছুটি দেওয়া হয়। বাড়ি বিদ্যালয়ের কাছেই হওয়ায় ইয়ামিন টিফিন খেতে বাড়ির উদ্দেশে রওনা দেয়। বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ঈশ্বরদী দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচজার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।