বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রাম বন্দরে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ডিজেল সরবরাহ বেড়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতেই মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN) নামের দ্বিতীয় জাহাজটি নোঙর করবে। এতে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল বন্দরে পৌঁছাবে।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানিয়েছেন, প্রথম জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া মার্চ মাসে ৩৩টি জ্বালানি পরিবাহী জাহাজ বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জ্বালানি তেলবাহী, ৮টি এলএনজিবাহী এবং ৯টি এলপিজিবাহী জাহাজ। মার্চে আসা ৯টি এলপিজি জাহাজের মাধ্যমে মোট প্রায় ১ লাখ ২০ হাজার টন রান্নার গ্যাস (LPG) খালাস করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান ওমেরা, বেক্সিমকো এবং যমুনা গ্যাসের বড় এলপিজি ক্যারিয়ার (VLGC) বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে লাইটারেজ পদ্ধতিতে পণ্য খালাস করেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানিয়েছেন, ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। এছাড়া শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসার শিডিউল রয়েছে।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমরা দ্রুততার সঙ্গে এসব পণ্য খালাসের ব্যবস্থা করছি।