বিশেষ প্রতিনিধি, nipon।।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভি এম পি আলট্রা ম্যাক্স-২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে বলে বুধবার (০১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
ইতোপূর্বে জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে চট্টগ্রামে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে প্রায় ১০ লাখ মেট্রিক টন উৎপাদন হয় যা চাহিদার তুলনায় কম। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশ সরকার ইতোমধ্যে (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি ০১ ও ০২ চুক্তির আওতায় মোট- ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে এসেছে।