বিশেষ প্রতিনিধি, nipon।।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নিয়মিত মাসিক সমন্বয়ের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) নতুন দাম ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সর্বশেষ প্রবণতা এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে। এছাড়া এপ্রিল মাসের চাহিদা মেটাতে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আগামী মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা প্রধানত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। এ কারণে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এদিকে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিকল্প কিছু পদক্ষেপও বিবেচনা করছে সরকার। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমানো এবং প্রয়োজন হলে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি নীতিগতভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।