বিশেষ প্রতিনিধি, nipon।।
গ্রাহকদের প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে এই চার্জ প্রত্যাহারের দাবি জানানো হচ্ছিল। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী লাখো গ্রাহক আর্থিকভাবে স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এই চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়।
সরকারি সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এবং সিদ্ধান্ত কার্যকর করা হবে।