বিশেষ প্রতিনিধি, nipon।।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার মধ্যে অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। পেট্রোল ও ডিজেলের ওপর আরোপিত অন্তঃশুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে ১০ টাকা করে শুল্ক হ্রাস করা হয়েছে। এর ফলে পেট্রলের ওপর শুল্ক ১৩ টাকা থেকে কমে ৩ টাকায় নেমে এসেছে এবং ডিজেলের ওপর থেকে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
তবে এ সিদ্ধান্তে সাধারণ ভোক্তারা সরাসরি কতটা উপকৃত হবেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর (ওএমসি) আর্থিক চাপ কমানো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে দাম অপরিবর্তিত থাকায় এসব প্রতিষ্ঠান বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলো।
বিশেষজ্ঞদের মতে, সরকারের এই উদ্যোগে ভোক্তাদের জন্য তাত্ক্ষণিক স্বস্তি সীমিত হলেও, জ্বালানির দাম বাড়ার আশঙ্কা আপাতত কমে গেছে। তবে এর ফলে সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারের সামনে দুটি বিকল্প ছিলো জ্বালানির দাম বাড়ানো অথবা আর্থিক ক্ষতি মেনে নিয়ে জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করা। সরকার দ্বিতীয় পথটি বেছে নিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ মূল্য স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এমন নীতিগত পদক্ষেপ নিতে পারে ভারত।