বিশেষ প্রতিনিধি, nipon।।
জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে সংঘটিত এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা একে তুলনামূলকভাবে বেশি অনুভূত হওয়ার কারণ হতে পারে। তবে সর্বশেষ পাওয়া তথ্যে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগের দিন বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত, যেখানে প্যাসিফিক প্লেট ও ফিলিপাইন সি প্লেটের সংযোগস্থল রয়েছে। এই কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
নিয়মিত ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় জাপানে বাড়িঘর ও অবকাঠামো নির্মাণে বিশেষ প্রকৌশল পদ্ধতি অনুসরণ করা হয়, যাতে নিম্ন থেকে মাঝারি মাত্রার কম্পন সহজে সহ্য করা যায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত বড় ধরনের সুনামি বা পরবর্তী শক্তিশালী কম্পনের আশঙ্কা নেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।