বিশেষ প্রতিনিধি, nipon।।
সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসবে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে জামালপুরের ব্রহ্মপুত্র নদে পাপ মুক্তির আশায়। বৃহস্পতিবার (২৬ মার্চ) শহরের ফেরিঘাটে ব্রহ্মপুত্র নদে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্নানে অংশ নেন। এসময়ে শেরপুর ও টাঙ্গাইলসহ আশেপাশের জেলা থেকেও স্নান করতে আসেন ভক্তরা। সনাতন ধর্মের রীতি অনুযায়ী, ফুল, বেলপাতা, ডাব, কলা দিয়ে পিতৃকুলের উদ্দেশে অর্পণ করছেন ভক্তরা।
পরশুরাম পিতার আদেশে মাকে কুঠার দিয়ে হত্যা করলে মাতৃহত্যার পাপে পরশুরামের হাতে কুঠার আটকে থাকে। অনেক চেষ্টা করেও যখন সে কুঠার হাত থেকে খুলতে না পারায় পিতার কথামতো তীর্থে তীর্থে ঘুরতে থাকেন। ভারতবর্ষের সব তীর্থ ঘুরে ব্রহ্মপুত্র পুণ্যজলে স্নান করারা পরে তার হাত থেকে কুঠার খসে যাওয়ায় তিনি মনে করেন, পাপ মোচন হয়েছে। পরশুরাম খসে যাওয়া কুঠারকে লাঙ্গলে রূপান্তর করে পাথর কেটে হিমালয়ের পাদদেশ থেকে ব্রহ্মপুত্র নদের সঙ্গে সংযুক্ত করা হলে অনেকেই মনে করেন ব্রহ্মপুত্র নদের পানি পবিত্র, তাই এই নদে স্নান করলে পাপ মুক্তি হয়।
ব্রহ্মপুত্রের পবিত্র জলে স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই বিশ্বাসে দূর-দূরান্ত থেকে ছুটে এসে ব্রহ্মপুত্রে পাপমুক্তির স্নান করে পুণ্যার্থীর ঢল, জানিয়েছেন জামালপুর বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর কুমার দেব। জামালপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,এ অনুষ্ঠানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মাবলম্বী স্নানোৎসব পালিত হয়েছে।