বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আমদানি কার্যক্রমও অব্যাহত আছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে তেলের কোনো সংকট নেই।
সোমবার ( ২৩ মার্চ ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে, ফলে তেলের কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।
মন্ত্রী সাধারণ জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করলেই সবার জন্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, তা সফলভাবে নিয়ন্ত্রণ করা গেছে।
প্রয়োজনে পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি। ঈদের আগে যেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রয়োজন হলে এখনো তা অব্যাহত রাখা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।