বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকরাও। তবে এই ছুটির মধ্যেই পরিবর্তন এসেছে বিসিবি কমিটিতে। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু।
মোখছেদুল কামাল বাবু এর আগে এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন। এদিকে গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা আমজাদ হোসেনকে গতকাল (রোববার) সন্ধ্যায় অব্যাহতি দিয়ে সেখানে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, আমজাদকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে। এদিকে এতদিন ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন হতে যাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচক।
ঈদের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতা বাংলাদেশের শেষ ম্যাচের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু এই মাসের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন।