বিশেষ প্রতিনিধি, nipon।।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ১২৪৬/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের তথ্যের প্রেক্ষিতে অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক টিম অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৩৪টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরবর্তীতে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে আরেকটি যৌথ অভিযান পরিচালিত হয়। এতে মোট ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয় এবং ছয় জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা ট্রাক্টর ও পাথর থানায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।