বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশে ঈদ উদযাপনের একদিন আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনায় প্রায় অর্ধশত গ্রামের অন্তত ২০ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে আটটায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
দীর্ঘ সময় ধরে বরগুনা সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করে আসছে। তারই ধারাবাহিকতায় বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা ও গৌরীচন্না, পাথারঘাটা উপজেলার হাতেমপুর, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ, বামনা উপজেলার ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করছেন। মূলত, ধর্মীয় সকল রীতি-রেওয়াজ, নিয়ম-কানুন পালনে এসব গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন ।
বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ঈদ জামাতের ইমাম মো. ফজলুর রহমান বলেন, চট্টগ্রামের সাতকানিয়া থেকেই আমাদের এখানে এমন ধর্মীয় রীতি চালু হয়েছে। দীর্ঘ বছর ধরে আমরা এভাবেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছি।