বিশেষ প্রতিনিধি, nipon।।
পারিবারিক বিরোধের জেরে খুলনার বটিয়াঘাটায় ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ২নারী সহ ৪ জনকে গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় আট মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে গত ডিসেম্বর মাসে ফাহিমা নতুন করে রাশেদুলের সঙ্গে সংসার শুরু করেন। এ নিয়ে পূর্ব থেকেই হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
ফাহিমা খাতুনের অভিযোগ, বৃহস্পতিবার সকালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে তার সাবেক স্বামীও ছিলেন বলে তিনি দাবি করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি রেজিস্টার ডা. লক্ষিন্দার কুমার দে জানান, গুলিবিদ্ধদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার সঙ্গে ফাহিমা খাতুনকেও পাঠানো হয়েছে। আনিসুর রহমানের ঘাড়ে তিনটি গুলি লেগেছে এবং রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে। এছাড়া রঞ্জুয়ারা বেগমের বুকে দুটি এবং ফাহিমার পায়ে একটি গুলি লেগেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।