বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানে একটি ভয়াবহ হামলায় তিন দিনের এক নবজাতক শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দেশটির আরাক শহরের কাছে একটি গ্রামীণ বাড়িতে ভোরবেলায় চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে তিন দিনের এক শিশু, তার মা, দুই বছরের বোন এবং দাদি।
বাহিনীটি এই হামলাকে ‘নৃশংস’ উল্লেখ করে অভিযোগ করেছে, এতে বেসামরিক মানুষকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্মমতা’র আরেকটি প্রমাণ।
বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব নেতাদের নীরবতারও কঠোর সমালোচনা করা হয়। আইআরজিসি সতর্ক করে জানায়, এ ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই এর প্রতিশোধের মুখোমুখি হতে হবে।
এদিকে, আইআরজিসি যুদ্ধের শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার কথাও উল্লেখ করে। ওই হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়েছিল বলে দাবি করা হয়।
সবশেষে সংস্থাটি জানায়, এ ধরনের হামলার পরও তারা আরও দৃঢ়ভাবে তাদের লড়াই চালিয়ে যাবে।
সূত্র: প্রেস টিভি